
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল আর্সেনাল।ব্রেন্টফোর্ডের মাঠে বিবর্ণ ফুটবল খেলে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল।ম্যাচে দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে এগিয়ে যায় আর্সেনাল।
তবে স্বাগতিকদের হয়ে কিন লুইস-পটার সমতা ফেরান, ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা হয়নি লন্ডনের ক্লাবটির। ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্সেনাল কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। ম্যাচের দশ মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। ডেক্লান রাইসের ক্রসে গ্যাব্রিয়েল মাগালিয়াইস হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। ২২ মিনিটে ইগো চিয়াগোর হেড দারুণ দক্ষতায় ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পিয়েরো ইনকাপিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন মাদুয়েকে।তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭১ মিনিটে থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক পেয়ে চমৎকার হেডে গোল খুঁজে নেন লুইস-পটার।শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড। ৮৮ মিনিটে চিয়াগো একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও সুযোগ নষ্ট করেন।
অতিরিক্ত সময়েও দুটি ভালো সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। অন্যদিকে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট দারুণভাবে রুখে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক।








