
লিভারপুলের বিপক্ষে জিতে লিগ টেবিলে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল আর্সেনালের সামনে। তবে ঘরের মাঠ এমিরেটসে গোলশূন্য ড্র হওয়ায় সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আর্তেতার প্লেয়াররা।
টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে নেমেছিল আর্সেনাল। কিন্তু লিভারপুলের বিপক্ষে চলতি সিজনে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারাল তারা।এর আগে অ্যানফিল্ডে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল গানার্সরা। অন্যদিকে লিভারপুলের জন্য এটি লিগে টানা তৃতীয় ড্র।ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে আর্সেনাল। তবে বুকায়ো সাকার নেতৃত্বে আক্রমণভাগ খুব বেশি ধার দেখাতে পারেনি।২৭ মিনিটে উল্টো বিপদে পড়ে স্বাগতিকরা। উইলিয়াম সালিবার ব্যাকপাস বুঝতে না পেরে গোলরক্ষক ডেভিড রায়া বল ছেড়ে দেন কনর ব্রাডলির পায়ে। কিন্তু ব্রাডলির চিপ শট গোলবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে বেঁচে যায় আর্সেনাল।এরপর কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।তবে প্রথমার্ধের শেষ দিকে দারুণ সুযোগ পান ডেকলান রাইস। ৪৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। বিরতির পর বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় লিভারপুল।আক্রমণাত্মক ফুটবলে কিছু সুযোগ তৈরি করলেও ডেভিড রায়াকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি তারা। ৮২ মিনিটে ডমিনিক সবোসলাইয়ের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।অতিরিক্ত সময়ের শুরুতে গ্যাব্রিয়েল জেসুসের হেড সরাসরি আলিসনের গ্লাভসে চলে যায়, দ্বিতীয়ার্ধে এটিই ছিল আর্সেনালের প্রথম অন টার্গেট শট। কিছুক্ষণ পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান আলিসন।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কর্নার পেয়ে আশায় জাগে স্বাগতিকরা। তবে মাদুয়েকের কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড অল্পের জন্য লক্ষ্যে না থাকায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।









