
প্রায় অর্ধশতাব্দী পর আবার চাঁদের আঙিনা ঘুরে এল মানুষ।১০ দিনের ঐতিহাসিক সফরে নাসার আর্টেমিস টু মিশনের সফল সমাপ্তি টেনে ওরিয়ন ক্যাপসুলে চড়ে চার নভোচারী ফিরলেন পৃথিবীতে।শনিবার সকালে স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ওরিয়ন।
এই মিশনে মোট সময় লেগেছে ন’ দিন এক ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ড।অবতরণ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসা ওরিয়ন কর্মসূচির ব্যবস্থাপক হাওয়ার্ড হু বলেছেন,আজকের দিনটি মানুষের মহাকাশ অনুসন্ধানের একটি নতুন যুগের সূচনা।এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং জানান, আর্টেমিস টু মিশনের নভোচারীরা মোট ৭ লাখ ২৩৭ মাইল ভ্রমণ করেছেন এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল ২৪ হাজার ৬৬৪ মাইল।সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, নভোচারীরা কেমন আছেন?জবাবে এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং বলেছেন, সবাই প্রফুল্ল ও সুস্থ আছেন। ভিক্টর হাসছিলেন এবং খুব ভালো মেজাজে ছিলেন, সবাই খুশি ও সুস্থ এবং হিউস্টনে,জনসন স্পেস সেন্টারে ফিরে আসার জন্য প্রস্তুত।আর্মেটিস থ্রি মিশনের নভোচারীদের নাম কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, শিগগিরই।নাসা আশা করছে, আগামী বছরই নতুন অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় বলেছেন, এই মিশন একই ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে আত্মবিশ্বাস গড়তে সহায়তা করবে।অবতরণের পরপরই যুদ্ধজাহাজ ইউএসএস জন পি মার্থা থেকে নাসার তরফে মেগান ক্রুজ মজা করে বলেছেন, গ্রিন মানে তারা খুব ভালো অনুভব করছেন, তাদের ত্বকের রঙ নয়।
