
মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে পুলিশ । ৭ জুলাই বিধাননগর দক্ষিণ থানায় তলব অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে । ৭ জুলাই সকাল ১০ টায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। রাজ্যে সরকার বদলের পরপরই মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
শতদ্রুর করা মূল অভিযোগগুলি হল, মেসি সফরের জন্য যুবভারতীতে মোট ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। অভিযোগ, তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস একাই প্রভাব খাটিয়ে তার মধ্যে থেকে ২২ হাজার টিকিট নিয়ে নেন। শতদ্রুর দাবি, সেই ২২ হাজার টিকিট অন্যত্র চড়া দামে বিক্রিও করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে প্রথমে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। তবে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত দিনে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। প্রাক্তন মন্ত্রীর দাবি ছিল, অন্তত দু’সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি তদন্তকারী সংস্থা।এরপর ৮ জুন সকাল ১১টার মধ্যে থানায় হাজিরার নতুন নির্দেশ দেওয়া হয়। পুলিশ অরূপ বিশ্বাসের বাড়িতে জোড়া নোটিস টাঙিয়ে আসে। কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যেই এই মামলায় আইনি সুরক্ষাকবচ পেয়ে রেখেছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তের স্বার্থে অরূপকে সবরকম সহযোগিতা করতে হবে বলেও স্পষ্ট জানিয়েছিল উচ্চ আদালত।গত ১৮ জুন প্রথমবার থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
কিন্তু তাঁর তথ্য ও উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তদন্তকারীরা তাঁকে ফের ডেকে পাঠান। এরপর ২২ জুন ফের হাজিরা দেন অরূপ বিশ্বাস। কয়েক ঘণ্টা পর থানা থেকে বেরিয়ে আসেন তিনি।
