
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চে আর হাজিরা দেবেন না অরবিন্দ কেজরিওয়াল। আদালত বয়কট করার কথা জানিয়ে ভিডিও বার্তা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
ভিডিওর শুরুতে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যেখানে হার-জিত প্রাধান্য পায় না। সেইসময় ঠিক আর ভুলের বিচার করাটাই আসল। এই সময়ে আমাদেরই সহজ ও কঠিন রাস্তার মধ্যে একটা বেছে নিতে হয়। মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। নির্বাচিত সরকারকে অবৈধভাবে চক্রান্ত করে ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘ সময়ে জেলে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। ২৭ ফেব্রুয়ারি আদালত জানিয়ে দেয়, অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ। আদালত তদন্তকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দেয়। আপ সুপ্রিমো জানিয়েছেন, তিনি কিংবা তাঁর আইনজীবী আদালতে শুনানিতে হাজির হবেন না। কেজরিওয়ালের দাবি, বিচারপতি শর্মার কাছে ন্যায়বিচার পাওয়ার আশা তাঁর ভেঙে গেছে। তাই তিনি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে অরবিন্দ কেজরিওয়াল একথাও পরিষ্কার করে জানিয়েছেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে। এই বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগেই।





