
দিল্লিতে ক্ষমতায় ফিরলে ভাড়াটেদেরও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল দেওয়া হবে। এমনটাই ঘোষণা করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, দিল্লিতে আপ ক্ষমতায় ফিরলে বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাবেন ভাড়াটেরাও। জলের ক্ষেত্রেও সরকারি পরিষেবার আওতায় আনা হবে ভাড়াটেদের। কেজরিওয়াল জানান, দিল্লির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে একটি সমস্যার কথা জানতে পেরেছেন তিনি। প্রতি ক্ষেত্রেই ভাড়াটেরা তাঁর কাছে জল এবং বিদ্যুতের সুবিধা না-পাওয়ার অনুযোগ করেছেন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে এ বার কোনও জোটে থাকতে চাননি অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লি বিধানসভায় মোট আসনের সংখ্যা ৭০। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন তাঁরা।







