
জলের পাইপলাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের ৩ পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন রাজ্জাক শেখ, রোহিত শেখ উদ্দিন শেখ, সামসুল শেখ। মৃনীতেশ পাশওয়ান নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের জলজীবন মিশন প্রকল্পের কাজ চলছিল। আচমকাই উপরের মাটি আগলা হয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন চার জনই। ঘটনাটি নজরে আসতেই উদ্ধারকাজ শুরু করেন অন্য শ্রমিকেরা। হাত লাগান স্থানীয়েরাও। কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল, তাতে আটকা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অন্য শ্রমিকেরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে শ্রমিকদের টেনে বাইরে বের করে আনার চেষ্টা করেন। যদিও তা ব্যর্থ হয়। জেসিবি দিয়ে মাটি সরিয়ে শ্রমিকদের বাইরে আনা হয়। তড়িঘড়ি আহতদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
তবে চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অপর এক শ্রমিকের।







