
ফাঁকা প্ল্যাটফর্ম। লোকজন প্রায় নেই বললেই চলে।আর সে দিকে তাকিয়েই হাত নাড়িয়ে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওটি আবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন স্বয়ং রেলমন্ত্রীই। জানা গিয়েছে, একটি বিশেষ ট্রেনে করে কেরলের আলুভা থেকে রেল পরিকাঠামো পরিদর্শন শুরু করেন রেলমন্ত্রী। মন্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার আরএন সিং, তিরুঅনন্তপুরম বিভাগের বিভাগীয় রেল ম্যানেজার মণীশ থাপলিয়াল এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকরা। রেলমন্ত্রীকে আলুভা স্টেশনে অভ্যর্থনা জানিয়েছে সাংসদ বেনি বেহানান, বিধায়ক আনোয়ার সাদাথ এবং পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলরেরা। সেখানে গিয়ে রেল আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। এরপর ট্রেনে করে আলুভা ছেড়ে বেরিয়ে যান। স্টেশন থেকে বেরনোর সময় প্ল্যাটফর্মের দাঁড়়িয়ে থাকা জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় রেলমন্ত্রীকে।
তবে সেই প্ল্যাটফর্মে বেশি লোক না থাকায় রেলমন্ত্রীর হাত নাড়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
ছবি সৌজন্যে : এক্স
