
১০ বছর ধরে পালিয়ে বেড়ান এশিয়ার মোস্ট ওয়ান্টেড বন্যপশু পাচারকারী ইয়াংচেন লাচুংপাকে সিকিম থেকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশে স্টেট টাইগার স্ট্রাইক ফোর্স, এসটিএসএফ এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো,ডব্লিউসিসিবি-এর যৌথ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, ভারত-চিন সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে উত্তর সিকিমের লাচুং থেকে লাচুংপাকে গ্রেফতার করা হয়। গত ১০ বছর ধরে ভারত এবং বিদেশে লাচুংপার খোঁজ চলছিল। রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোলও। এর আগে বেশ কয়েক বার পুলিশের নাগালে এলেও,পালাতে সক্ষম হয়েছিলেন লাচুংপা।মূলত নেপাল, তিব্বত এবং চিন ছিল তাঁর নিরাপদ আশ্রয়।এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। ভারতে ঢোকার জন্য মূলত পাহাড়ি দুর্গম রাস্তা ব্যবহার করতেন, যে সব এলাকায় নজরদারি কম, সেই এলাকাগুলিকেই বেছে নিতেন লাচুং।
বার বার পালাতেও সক্ষম হয়েছেন। কিন্তু এ বার অনেক আঁটঘাঁট বেঁধেই লাচুংকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। গোপন সূত্রে খবর আসে উত্তর সিকিমে রয়েছেন লাচুং। বড় কোনও পাচারের উদ্দেশে এসেছেন। সেই খবর পেয়েই এসটিএসএফ, ডব্লিউসিসিবি যোগাযোগ করে সিকিম পুলিশ এবং সশস্ত্র সীমা বল-এর সঙ্গে। তার পরই লাচুং থেকে গ্রেফতার করা হয় এশিয়ার মোস্ট ওয়ান্টেড এবং পাচারকারীকে।
