
ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে প্রায় দু’ হাজার বছর আগে পুড়ে কয়লা হয়ে যাওয়া প্রাচীন রোমান শহর হারকুলেনিয়ামের আস্ত এক পাণ্ডুলিপি ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ পড়তে পেরেছেন গবেষকেরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ইমেজিং প্রযুক্তির সাহায্যে এ বিস্ময়কর সাফল্যের পর প্রাচীন নিদর্শন অক্ষত রেখেই ভেতরের গোপন ইতিহাস ও দর্শন উন্মোচনের এক নতুন যুগ শুরু হল।এ সাফল্য ৭৯ খ্রিষ্টাব্দের সেই ভয়াবহ দুর্যোগে পম্পেইয়ের সঙ্গে ধ্বংস হয়ে যাওয়া রোমান শহর হারকুলেনিয়ামে পাওয়া শত শত প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধারের পথকে আরও প্রশস্ত করল।এসব পুড়ে কয়লা হয়ে যাওয়া বিভিন্ন লেখা উদ্ধারে নতুন প্রযুক্তির প্রচার করছে ভিসুভিয়াস চ্যালেঞ্জ নামের এক সংগঠন।এ গবেষণার গতি বাড়াতে সংগঠনটি বলেছে, তারা এ প্যাপিরাস কাগজের সব ধরনের ডেটা, কোড ও মডেল অনলাইনে ওপেন করবে। একইসঙ্গে অন্য যে কোনো স্ক্রোল বা এসব লেখার দীর্ঘ পাতা সম্পূর্ণ পড়তে পারা প্রথম ব্যক্তি বা দলকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
ইউনিভার্সিটি অফ কেনটাকির কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও এ প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রেন্ট সিলস বলেছেন, কেবল এক বছর আগেও কারো পক্ষে এমনটা বিশ্বাস করা সম্ভব ছিল না যে, শত শত কলামের লেখা সংবলিত আস্ত এক স্ক্রোল সম্পূর্ণ অক্ষত রেখে বা না খুলে এভাবে পড়া সম্ভব।
