
২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু সকাল সকাল থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চলার পর দুপুরে গ্রেফতার করা হয়েছে হুগলির চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার-কে!
এ বারেও অসিতের বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু ঘনিষ্ঠদের দাবি, অসিতকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল ভিন্ন কারণে। তারপর অন্য মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ৩১ মে অসিত-ক গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়া, তোলাবাজি, শ্লীলতাহানির মতো অভিযোগ ছিল তৃণমূলের ওই প্রবীণ নেতার বিরুদ্ধে। ১৯ দিন জেলে থাকার পর জামিন পান অসিত মজুমদার। জেলে বসেই জানতে পারেন, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি করেছেন। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করার পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় নিজের গ্রেফতারি প্রসঙ্গে অসিত বলেছেন, সব আমার ভাগ্যের দোষ!
