
উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে নিজেই উন্নয়নের শিকার হয়েছেন। জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে পায়ে চিড় ধরে যাওয়ার ঘটনায় তৃণমূল বিধায়ক অসিত সরকারকে এভাবেই কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় দাঁড়িয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তাঁকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মীরা। কিন্তু পায়ে বেশ আঘাত লাগে তাঁর। তবুও তখনকার মতো আরও কিছুটা হেঁটে জনসংযোগ চালানোর চেষ্টা করেন।কিন্তু পা ফুলে ব্যথা হতে থাকায় মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হয় তাঁকে।
এই ঘটনার পরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, স্থানীয় এলাকায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বেরিয়েছিলেন বিধায়ক, কিন্তু সেই উন্নয়নের শিকার যে এভাবে নিজেকেই হতে হবে কে জানতো। দিনকাল ভালো নয়, রাস্তায় রাস্তায় উন্নয়ন এখন বিভৎস রূপে দাঁড়িয়ে।
