
রবীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছিলেন শ্রীভূমি। তাই কবিগুরুর স্মরণে অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হচ্ছে।মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
নামবদলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছেন, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। নতুন ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি। যার অর্থ মা লক্ষ্মীর ভূমি। অবশেষে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে সরকার। এর সঙ্গেই করিমগঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-সহ একটি পোস্টার সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। জানা যায়, ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।গবেষকেরা অনেকে মনে করেন, শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি। অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। হিমন্ত বিশ্বশর্মার যুক্তি, করিমগঞ্জ নামের কোনও ঐতিহাসিক প্রতিনিধিত্ব নেই।
কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস, অভিধান, রবীন্দ্র-স্মৃতি, সবই জড়িয়ে রয়েছে। তাই শীঘ্রই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
ছবি সৌজন্যে : এক্স
