
বোডো এবং জনজাতিদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত অসমের কোকরাঝাড়। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে গণপিটুনির ঘটনা ঘটে। মৃত্যু হয়ে এক জনের। তার পর থেকেই বাড়তে থাকে উত্তেজনা।
মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে দু’পক্ষই বিক্ষোভ শুরু করে। আক্রান্ত হয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফ। বোডোল্যান্ডের স্বশাসিত অঞ্চলের সদর জেলাটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। অসমের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার রাতে কোকরাঝাড় থানার কারিগাঁও ফাঁড়ি এলাকায় মানসিং রোডে একটি গাড়ি দু’জনকে ধাক্কা মারে।
গাড়িটির তিন সওয়ারি ছিলেন বোডো জনগোষ্ঠীর। আর গাড়়িটি যাঁদের ধাক্কা মারে, তাঁরা ছিলেন জনজাতি সমাজের। ফলে ওই সমাজের স্থানীয় বাসিন্দারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেন। তিন সওয়ারিকেও মারধর করা হয়। ঘটনায় এক জনের মৃত্যু হয়।
