
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক কলেজ ছাত্রকে পিষে মারার অভিযোগে জনপ্রিয় অসমীয়া অভিনেত্রী নন্দিনী কাশ্যপকে গ্রেফতার করা হয়েছে।
সদ্য মক্তিপ্রাপ্ত সিনেমা রুদ্র-র নায়িকাকে গ্রেফতার করেছে গুয়াহাটি পুলিশ। গত ২৫ জুলাই রাত ৩টে নাগাদ গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। অভিযোগ একটি সাদা রঙের এসইউভি বিপজ্জনক গতিতে ছুটছিল। ২১ বছরের এক কিশোরকে ধাক্কা দেওয়ার পরেও চালক গাড়ি থামাননি। সেখান থেকে পালিয়ে যান। পরে আহত পথচারী এবং ঘাতক গাড়িচালকের পরিচয় প্রকাশ্যে আসে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সামিউল হক। তিনি নলবাড়ি পলিটেকনিক কলেজের ছাত্র। হিট অ্যান্ড রান মামলায় অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে বুধবার গুয়াহাটির ডিসিপি জয়ন্ত সারথী বলেছেন, তদন্তে উঠে এসেছে গাড়ি চালাচ্ছিলেন ওই অভিনেত্রী। এফআইআরের ভিত্তিতে তাঁকে থানায় ডাকা হয়েছিল।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে।







