চলছে ভোটগ্রহণ, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গোলমাল

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
বিক্ষিপ্ত অশান্তির আবহে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। প্রাথমিকভাবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটাররা আসতে শুরু করেছেন।
এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব এগোচ্ছে। বিজেপি প্রার্থী আশিস ঘোষ সকাল সকালেই তাঁর বুথে ভোট দিয়ে ফেলেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, ছাপ্পা ভোট নিয়ে তিনি বেশ চিন্তায় রয়েছেন। তার দাবি, এই উপনির্বাচনে কয়েকটি বুথে তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আর এই অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। যদিও জয়ের ব্যাপারে তিনি এখনও শতভাগ আশাবাদী। একইসঙ্গে তিনি চান, মানুষ যেন নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। এদিকে, কালীগঞ্জের একাধিক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ফ্ল্যাগ-ফেস্টুন খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকরা।
অন্য দিকে, অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে। ফোন পাহারার দায়িত্বে রয়েছেন কমিশন নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা।