
বিজেপিকে ভোট দেওয়ায় খুন, ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের লোকজন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ফলতার হাসিমনগরের বাসিন্দারা।
ফলতায় পুনর্নির্বাচনের দাবিও তুলেছেন তাঁরা। জাহাঙ্গির খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবিতে অবরোধ করলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। হাসিমনগরের বাসিন্দাদের অভিযোগ বিজেপিকে ভোট দেওয়ায় রোজই শাসানি দিচ্ছে জাহাঙ্গিরে লোকজন। খুন করে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে সাঁজোয়া গাড়ি নিয়ে সেখানে গিয়েছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।









