
বিধানসভার অধিবেশনের প্রথম দিনে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিরে পূর্বতন সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন বিরোধী দলনেতাকে ১১ মাস বিধানসভার বাইরে রেখে অধিবেশন চলবে না। কোনও সদস্যকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে বিধানসভা চালানোর সংস্কৃতিতে এই সরকার বিশ্বাসী নয়। তিনি নবনিযুক্ত অধ্যক্ষকে অনুরোধ করেছে যাতে বিরোধীদের বক্তব্য রাখার জন্য যথাযোগ্য মর্যাদা ও পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ডিলিমিটেশনের পর নিশ্চিতভাবেই এই বিধানসভার আসন সংখ্যা বাড়বে। বর্তমান পরিকাঠামোয় বাড়তি বিধায়কদের সংকুলান হওয়া কঠিন। তাই অধ্যক্ষের নেতৃত্বে একটি আধুনিক ও নতুন বিধানসভা ভবন তৈরি করার প্রয়োজনীয়তা আসবে এবং সরকার সেই লক্ষ্যে এগোবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান করে বলেছেন সমস্ত বিধায়ক ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন এবং বিধানসভার গরিমা রক্ষা করবেন।





