মেঘালয়ের কয়লাখনিতে বিস্ফোরণের বলি অন্তত ১৬

0
115
ছবি সৌজন্যে : এক্স

মেঘালয়ের তাসখাই অঞ্চলের কয়লাখনিতে বিস্ফোরণের ফলে ভয়াবহ ধস বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন শ্রমিক। এখনও নিখোঁজ বহু। আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। 

শুরু হয়েছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, মৃতদের অধিকাংশই অসমের বাসিন্দা। দুর্ঘটনার পর থেকেই কালো ধোঁয়া বেরতে শুরু করে খনি থেকে। বাইরে থাকা শ্রমিকরা মুহূর্তে ভিড় জমায় খনির বাইরে। সেখানে কয়েকজন মহিলা ও শিশুকে দেখা গিয়েছে। বিস্ফোরণ ঘটেছে খনির ভিতরেই। ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে মেঘালয় পুলিশ। উপস্থিত দমকল ও বিপর্যয় মোকাবিলার কর্মীরাও। অন্তত ১৬ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এখনও বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।মেঘালয় পুলিশের এক কর্তা জানিয়েছেন, খনির ভেতরের পরিস্থিতি খুবই বিপজ্জনক।

পাশাপাশি তিনি বলেন, গ্যাস জমে আছে কি না কিংবা বিস্ফোরণের আশঙ্কা আছে কিনা তাও দেখা হচ্ছে। ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা, সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। এমনও হতে পারে, খনির ভিতরে দাহ্য গ্যাসজমে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটিয়েছে। অথবা অবৈধভাবে বিস্ফোরক ব্যবহারের জেরেও ঘটতে পারে বিপর্যয়।