
উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬জনের। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি একাধিক যাত্রীর আটকে রয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে উত্তরাখণ্ডের রাজা বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয়রাও উদ্ধার কাজে এগিয়ে এসেছে। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশও। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্তত ৪০ জন ছিলেন বলে খবর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী এই ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন। প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনয়ী সকল পদক্ষেপের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, রামনগরের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যের। স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
ছবি সৌজন্যে : এক্স
