
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই জীবিত আছেন। এমনই দাবি করেছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁর দাবি, মোজতবা জীবিত। শুধু তা-ই নয়, তিনি আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা পর্বে সক্রিয় ভূমিকাও নিচ্ছেন!
একই সঙ্গে রুবিয়ো জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিখিল করার প্রশ্ন ওঠে না। আমেরিকা এমন কোনও প্রস্তাব দেয়নি।
তাঁর দাবি, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে, তবেই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মঙ্গলবার মার্কিন সেনেটে বিদেশ-সম্পর্কিত কমিটির সামনে রুবিয়ো মোজতবার ভূমিকা উত্থাপন করেন। বলেছেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মোজতবা আলোচনায় কোনও না কোনও পর্যায়ে ক্রমশ সম্পৃক্ত হচ্ছেন। তবে ওঁকে সরাসরি কোনও আলোচনায় যোগ দিতে দেখা যায়নি। কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বার্তা পাঠাচ্ছেন। ইরানের পারমাণবিক কার্যকলাপের দিকে নজর রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।






