
অতিশী মারলেনা মুখ্যমন্ত্রী হতেই বদলে গিয়েছে দিল্লি বিধানসভার আসন বিন্যাস।
দীর্ঘ ৯ বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী থাকা অরবিন্দ কেজরিওয়ালের আসন অনেকখানি পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লি বিধানসভার নাম্বার ওয়ান হয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। এতদিন বিধানসভার এক নম্বর আসনটি বরাদ্দ ছিল অরবিন্দ কেজরিওয়ালের জন্য। এবার থেকে তিনি বসবেন ৪১ নম্বর আসনে। দ্বিতীয় স্থান বরাদ্দ করা হয়েছে মন্ত্রী সৌরভ ভরদ্বাজের জন্য।সদ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া মুকেশ অহল্যাতকে ১৪ নম্বর আসন দেওয়া হয়েছে। আবগারি মামলায় গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বসবেন অরবিন্দ কেজরিওয়ালের পাশের ৪০ নম্বর আসনে। ২ নম্বর থেকে ৮ নম্বর আসনে সরিয়ে দেওয়া হয়েছে কৈলাস গেহলটকে। তাৎপর্যপূর্ণভাবে, ৯৪ নম্বর আসন থেকে ১০০ নম্বর আসনে পাঠিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা বিজেন্দর গুপ্তাকে। দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের আসনে বসলেও মুখ্যমন্ত্রীর দফতরে অবশ্য আপ সুপ্রিমোর চেয়ারে বসতে রাজি হননি অতিশী মারলেনা।








