
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালাল ইজরায়েল। বেকা উপত্যকায় গভীর রাতে ইজরায়েলি বিমানহানায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
লেবানন সরকার এবং সেনার দু’টি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এ খবর জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে তেল আভিভও। ইজরায়েলি সেনার দাবি, তারা বালবেক এলাকায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন ঘাঁটি নিশানা করে এই হামলা চালিয়েছে। লেবানন সেনার একটি সূত্র জানাচ্ছে, বালবেক এলাকায় হিজবুল্লার কমান্ড সেন্টারে ইজরায়েলি বিমানহানায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন।উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনার অভিযান শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা তেল আভিভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে।
শেষ পর্যন্ত গত বছরের গোড়ায় আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দু’ দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন। ওই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ইজরায়েলের। কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না বলেও স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তিতে।







