বাংলাদেশ সীমান্তে মায়ানমার সেনার হামলা

0
18
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবার রক্তক্ষয়ী সংঘর্ষে মায়ানমার সেনা এবং বিদ্রোহী আরাকান আর্মি। বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই টেকনাফ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যে বোমা বিস্ফোরণ এবং ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে স্থানীয় গ্রামগুলিতে।

সেই সঙ্গে নজরে এসেছে বিমানহানার ঘটনাও। সকাল থেকে ভেসে আসা গোলাগুলির শব্দে সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় মৎস্যজীবীরা সীমান্তবর্তী নাফ নদী থেকে তীরে ফিরে আসেন। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে সংঘর্ষের ঘটনায় রাখাইন থেকে আবার রোহিঙ্গা শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

স্থানীয় সূত্র জানাচ্ছে, টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তসংলগ্ন মায়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার এবং কুমিরখালি এলাকায় জুন্টা সেনার গ্রাউন্ড অপারেশন শুরুর পরেই সংঘর্ষ শুরু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তসংলগ্ন কয়েকটি এলাকার বাড়িঘর কেঁপে ওঠে বলে দাবি স্থানীয়দের। কুমিরখালির অদূরে মংডু এবং বুথিডং শহরে রাখাইন আর্মির ডেরায় ধারাবাহিক বিমানহানাও চালাচ্ছে মায়ানমার বায়ুসেনা। সেনার সহযোগী হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযানে নেমেছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও!