
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবার হামলা চালিয়েছে ইজরায়েল। শুক্রবার নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় আট জন নিহত এবং আরও অন্তত ১০ জন গুরুতর আহত হন।
হতাহতদের মধ্যে এক মহিলা ও একটি শিশু রয়েছে। পাশাপাশি টায়ার জনপদ এবং আশপাশের কয়েকটি এলাকায় হামলায় আরও চার জনের মৃত্যু হয়েছে বলে লেবানন সরকার এবং সেনার দু’টি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ওই সংবাদমাধ্যমের দাবি, এই নিয়ে ২ মার্চ থেকে লেবাননে ইজরায়েলি হানায় নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে ।
২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজরায়েলি সেনার হামলার পরেই প্রত্যাঘাত করেছিল তেহরানের মদতপুষ্ট সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।







