
ছোট আঙারিয়া মডেলেই চন্দ্রকোণায় তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার চন্দ্রকোণায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতার দাবি, সেদিন সমস্ত অভিযুক্তদের হাতে পেট্রল, কেরোসিন তেল ছিল, তারা পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এই হামলার ঘটনার প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগের সুরে বলেছেন, বাংলাদেশে যেমন হিন্দু সংখ্যালঘুদের ওপর অতর্কিতে হামলা চালানো হচ্ছে, খুন করা হচ্ছে, সেখান থেকে শিক্ষা নিয়েই এখন বাংলায় আক্রমণ করা হচ্ছে বিরোধী দল এবং তার নেতাদের। শুভেন্দুর সাফ কথা, আসন্ন নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দলের সকল নেতাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে এই হামলা করা হয়েছিল। তাঁর এও অভিযোগ, রাজ্য পুলিশের সঙ্গে শলা-পরামর্শ করেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। শনিবার পুরুলিয়া থেকে জনসভা সেরে মেদিনীপুরে ফিরছিলেন শুভেন্দু।
অভিযোগ, সেইসময়েই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী দলীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান তোলেন। তাঁদের থামতে বলা হলে পাল্টা হামলা চালায়। এরপরই চন্দ্রকোণা ফাঁড়িতে দীর্ঘক্ষণ অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী।
