
আসানসোলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে বুধবার হামলা চালান এক ব্যক্তি। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মলয় ঘটকের আপকার গার্ডেনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতরে গিয়েছিলেন অভিযুক্ত।
সেখানেই মন্ত্রীর অফিসের কাচের টেবিল ভেঙে দিয়েছেন। কিন্তু কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে, পুলিশের অন্য সূত্র বলছে, শংসাপত্র নিয়ে বচসার জেরেই হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী।
ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত্ নস্কর। মন্ত্রীর বাসভবনে যথেষ্ট পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।




