
প্রকাশ্য জনসভা থেকে দলীয় বিধায়ক বাইরন বিশ্বাসকে কটাক্ষের জেরে শোকজ নোটিস পেয়েছেন সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূরে মেহেবুব আলম।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান তাঁকে শোকজ করেছেন। আগামী ৩ দিনের মধ্যে তৃণমূল ব্লক সভাপতির জবাব তলব করা হয়েছে। জানা গিয়েছে, সাগরদিঘি ব্লকের দুটি জায়গায় একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূরে মেহবুব আলমের নেতৃত্বে। একটি সভা সাগরদিঘি ব্লকের অন্তর্গত গোবর্ধন ডাঙ্গা অঞ্চলে অপরটি পাটকেলডাঙ্গা অঞ্চলে। ব্লক সভাপতি নূরে মেহেবুব আলম একুশে জুলাই এর প্রস্তুতি সভায় মঞ্চ থেকে বিধায়কের নাম করে বলেন, নির্বাচনের আগে বিধায়ক বাইরন বিশ্বাস বলেছিলেন তৃণমূলকে গিলে নেব। কিন্তু দেখলাম নিজের ব্যবসা বাঁচাতেই তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে তৃণমূলে যোগদান করলেন। কারণ প্রত্যেকটি অঞ্চলে তৃণমূলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করছেন বাইরন বিশ্বাস।
তৃণমূলের পুরনো কর্মীদের প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন বাইরন বিশ্বাস। তিনি শীর্ষনেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন। একমাত্র সাধারন মানুষের সামনে ছাড়া তিনি কোনও জায়গায় মাথানত করবেন না।
