
দলের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছে রাজ্য বিজেপি। এর পাশাপাশি ওই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তেরা এখনও কেন গ্রেফতার হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে মিরিকের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তাঁরা। রিজিজু, শুভেন্দুর সঙ্গে রয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তাও। খগেনদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে শমীক বলেছেন, এই ঘটনার জন্য এনআইএ তদন্ত দাবি করছেন। বার বার এই ঘটনা চলতে পারে না। কেউ যদি মনে করে থাকেন কোনও সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে বিজেপিকে ভীতসন্ত্রস্ত করা যাবে, তা হলে ভুল করছেন।
অভিযুক্তদের গ্রেফতার করতে না-পারার জন্য রাজ্য প্রশাসনকে তোপ দেগে হুঁশিয়ারির সুরে শমীক বলেন, যাঁরা সোমবার এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁরা পাতালেও যদি ঢুকে থাকেন, কেন্দ্র তাঁদের আইনি ব্যবস্থার মাধ্যমে টেনে বার করবে।
