
অভিজাত বান্দ্রায় বাড়িতে ঢুকে সইফ আলি খানের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় আতঙ্কিত বলিউড। বুধবার গভীর রাতে অভিনেতার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই তারা ঢুকেছিল নবাবের বাড়িতে।
সইফ আলি খানের সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতীদের। হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে তাঁকে, এমনই জানা গিয়েছে। আর বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিনেত্রী পূজা ভাট প্রশ্ন তুলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আইন ও শৃঙ্খলা। দেশের আইন রয়েছে, শৃঙ্খলাটা কোথায়।দেবারা ছবির সহ-অভিনেতা জুনিয়র এনটিআর সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি হতবাক। এক হ্যান্ডলে তিনি লিখেছেন, সইফ আলি খানের উপর আক্রমণের ঘটনা শুনে তিনি হতবাক। আর এক দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও বলেছেন, খুবই খারাপ লাগছে, খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।চলচ্চিত্র জগতের পরিচিত নাম রাজ নায়েকও পূজা ভাটের মতোই আতঙ্কিত। তিনি প্রশ্ন তুলেছেন বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে। লিখেছেন, মারাত্মক খবরে বিচলিত। এই নিয়ে তৃতীয়বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেয়েছেন তিনি।
তাঁর ভাইঝির বুটিকে হামলা হয়েছে ওই এলাকাতেই। বাড়ির ভিতর ঢুকে এভাবে হামলা চালানোর মতো সাহস রাখছে দুষ্কৃতীরা। আতঙ্ক তো বটেই, এটা বোধহয় সকলের সচেতন হওয়ার মতোও একটি ঘটনা।
