
পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে আমেরিকা। এ বার ইরানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছনোর জন্য হাতে খুব বেশি সময় নেই। যদি আলোচনা থেকে কোনও সমাধানসূত্র না মেলে, সেক্ষেত্রে ইরানের উপর সামরিক চাপও বাড়াতে পারে আমেরিকা।
এর কোনও বিকল্প কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনে অবশ্যই সামরিক পদক্ষেপ করবে আমেরিকা। সেই হামলায় আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দেবে ইজরায়েলও। তা ছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প তো আগেই স্পষ্ট বলেছেন, ইরানের পারমাণু বোমা থাকা উচিত নয়। আশা, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ পথেই এর মীমাংসা করবেন।
২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং আমেরিকা। অথচ ২০১৮-য় সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প।








