
সংসদে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। লোকসভায় বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
সোমবার নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কৃষ্ণনগরের সাংসদ বলেছেন, তাঁকে বসানোর চক্করে জনতা বিজেপির ৬৩ জন সাংসদকে বসিয়ে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা জিতেছিল ৩০৩টি আসনে। এবার তারা জয়ী হয়েছে ২৪০টি আসনে। সেই সঙ্গে মহুয়া মৈত্র মনে করিয়ে দিয়েছে, একার বলে ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই তাঁকে বসানোর চেষ্টা করা হলে, আরও ভারী পড়বে। তিনি সংসদ থেকে নিজের বহিষ্কার হওয়ার দিনের সঙ্গে দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনা করেছেন। তাঁর কথায়, ৮ ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। ধৃতরাষ্ট্র সে দিন অন্ধ ছিলেন।এথিক্স কমিটি তাঁকে বহিষ্কারে অনুমোদন দিয়েছিল। সেখানে ১০ জন সদস্য ছিলেন এবং একজন চেয়ারপার্সন। পাঁচ জন সদস্য ছিলেন বিজেপির। তাদের মধ্যে চার জনই হেরে গিয়েছেন। চেয়ারপার্সনও হেরেছেন। কংগ্রেসের যে সাংসদ, তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তিনিও হেরেছেন। মহারাষ্ট্রের যে সাংসদ বিজেপির হয়ে বিতর্ক তুলেছিলেন, তিনিও হেরেছেন। কৃষ্ণের মতো কৃষ্ণনগরবাসী তাঁকে রক্ষা করেছিলেন।
