দিল্লির বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা

0
93
ছবি সৌজন্যে : এক্স
এবার দিল্লির এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে বলে অভিযোগ। প্রথম বর্ষের বি. টেক ছাত্রীকে ক্যাম্পাসের অন্দরে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর নির্যাতিতা অভিযোগ করেছেন, চার জন মিলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মাণ ভবনে টেনে নিয়ে যায়। তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলে। তার পর চার জন মিলে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, দুপুর ৩টের সময় ময়দান গঢ়হী থানায় সাহায্য চেয়ে ফোন আসে। সেই ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের একটি দল। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। প্রাথমিক ভাবে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। পরে যদিও নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন, ময়দান গড়হী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার পরিচিত কোনও ব্যক্তি পুলিশকে সোমবার দুপুরে ফোন করে বিষয়টি জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ঘটনাস্থল এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।