
জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার উত্তরবঙ্গে গিয়ে নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।
জলপাইগুড়ির সার্কিট হাউসে নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজর অনন্যা চক্রবর্তী। ছিলেন আরও দুই সদস্য অর্পিতা ঘোষ এবং রাজাময় মুখোপাধ্যায়। অনন্যা চক্রবর্তী জানিয়েছেন জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে নাবালিকার উপস্থিত বুদ্ধির জেরে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ সে বিএসএফ জওয়ানের ছেলে। মেয়েটির সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়েছিল। এরপর বন্ধুত্ব হয়। ছেলেটি অ্যাডভানটেজ নেওয়ার চেষ্টা করেছে। বাড়িতে আটকে রাখে। ছুরি নিয়ে ভয় দেখায় বলে অভিযোগ। মেয়েটিকে জোর করে নেশাও করায়। নানারকম ভিডিও তোলে। কিন্তু মেয়েটি বুদ্ধিমতী হওয়ায় মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে।
ওই অবস্থাতেই পরিবারকে নিজের লোকেশন পাঠিয়েছে, বান্ধবীকে মেসেজ করেছে। যার জেরে গ্রেফতার করা সহজ হয়েছে। অভিযুক্তও নাবালক। তার পরেও পকসো আইনে এর বিচার হবে।
