
দিল্লির নির্ভয়া-কাণ্ডের ছায়া এবার গুজরাটে। বছর ছয়ের একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় শোরগোল পরে গিয়েছে গুজরাটের রাজকোটে। অভিযোগ, মেয়েটিকে ধর্ষণ করতে না-পেরে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিয়েছেন অভিযুক্ত।
হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি। অন্যদিকে, নানা জায়গায় খোঁজার পরে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। পুলি়শ সূত্রে খবর, ঘটনাটি ৪ ডিসেম্বরের, নির্যাতিতার বাবা-মা কৃষকের কাজ করেন। তাঁরা সে দিনও কাজে গিয়েছিলেন। ৬ বছরের মেয়েটি মাঠে খেলছিল। সেখান থেকে বছর ৩৫-এর এক যুবক তাকে তুলে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা করা হয়।
মেয়েটি প্রাণপণ পালানোর চেষ্টা করেছিল। আশপাশের লোকজন চলে আসবেন, এই আশঙ্কায় মেয়েটিকে ধর্ষণ করেননি অভিযুক্ত। কিন্তু রাগের চোটে লোহার রড নিয়ে শিশুটির যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।








