
এবার আত্মঘাতী বেঙ্গালুরুর টেকি ইঞ্জিনিয়ার অতুল সুভাষের শাশুড়ি এবং শ্যালককে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের, সেই বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। অন্যদিকে, তলব করা হয়েছে অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে।
নিকিতা সিংহানিয়ার উত্তরপ্রদেশের বাড়ির বাইরে নোটিসও লাগিয়ে দিয়েছে কর্নাটক পুলিশ। সেখানে লেখা রয়েছে, তাঁকে জেরার করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তিন দিনের মধ্যে বেঙ্গালুরুতে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে। মাঝরাতে উত্তরপ্রদেশের জালাউনের বাড়ি ছেড়ে পালিয়েছিলেন আত্মঘাতী বেঙ্গালুরুর টেকি অতুল সুভাষের শাশুড়ি এবং শ্যালক।বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যদিও তার সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেখানে দেখা গিয়েছিল, মাঝরাতে বাইকে চেপে বাড়ি ছাড়ছেন অতুল সুভাষের শাশুড়ি নিশা সিংহানিয়া। অতুলের শ্যালক অনুরাগ সিংহানিয়াও বাড়ি ছেড়ে পালিয়েছিলেন বলে অভিযোগ। তারপর থেকে তাদের বাড়ির দরজায় তালা ঝুলছিল। শুক্রবার নিশা এবং অনুরাগ, দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
দু’জনের বিরুদ্ধে অতুলকে হেনস্থা, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো, তাঁর থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।








