
আগামী ৫ অগাস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং ১৬ জুলাই, জুলাই শহিদ দিবস পালন করা হবে। বাংলাদেশে ৮ অগাস্ট কোনও বিশেষ উদযাপন হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল।
এর তিন দিন পর ৮ অগাস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামি লীগ সরকার পতনের দিন ৫ অগাস্টকে জুলাই গণ অভুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামি লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহিদ আবু সইদ দিবস ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে, তাই আগামী ৩ অগাস্ট এনসিপি ওই ঘোষণাপত্র দেবে। এই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও পদক্ষেপ দেখা যায়নি। তাই জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার দেবে এনসিপি।
