
মায়ানমারের নোবেল বিজয়ী অং সান সু চির অবশিষ্ট সাজা নির্ধারিত বাসস্থানে কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দু’জন সামরিক কর্তার সঙ্গে তার একটি ছবিও প্রকাশিত হয়েছে। উল্লেখ্য,৩ এপ্রিল মিন অং হ্লাইং মায়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৮০ বছর বয়সী এই নোবেল বিজয়ী সম্ভবত রাজধানী নেপিডোর একটি সামরিক কারাগারে আটক রয়েছেন। অং সান সু চি ২০১৫ সালে ক্ষমতায় আসেন, যখন দেশে গণতান্ত্রিক সংস্কার শুরু হয়। এর আগে তিনি দীর্ঘদিন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং বহু বছর গৃহবন্দি ছিলেন।
তবে তার ছেলে কিম আরিস এই খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তার মা বেঁচে আছেন, এমন কোনো নিশ্চিত প্রমাণ তিনি পাননি। সরকার যে ছবি দেখিয়েছে, সেটিও পুরনো,২০২২ সালের,বলে তিনি দাবি করেছেন। তাই তিনি এখনো পুরো বিষয়টি বিশ্বাস করছেন না। এদিকে তার আইনজীবীরা তিন বছরেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করেননি। তার পরিবারের সঙ্গে দু’ বছরেরও বেশি সময় ধরে তার কোনো যোগাযোগ নেই। আগে তার একমাত্র যে ছবিটি দেখা গিয়েছিল, তা ছিল ২০২১ সালের মে মাসে একটি আদালতে হাজিরার সময়।
