
কারাবন্দি প্রাক্তন নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে মায়ানমারের সামরিক জুন্টা সরকার। বৃহস্পতিবার তার আইনি দলের একজন সদস্য এই তথ্য জানিয়েছেন । সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, মায়ানমারের প্রাক্তন প্রধানমন্ত্রীর মোট কারাদণ্ড আরো এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে।
এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা।সরকারের একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দিদের সাজা কমানো হয়েছে বলে জানা গেছে। ২০২১ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছে অং সান সু চি। বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তার। যা ধাপে ধাপে কমানো হচ্ছে। এর পরও এই নোবেল বিজয়ীকে এখনো আরো ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনি দলের এক সদস্য। বর্তমানে তার সঠিক অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
