
শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন মিচেল স্টার্ক। বল হাতে যেন আগুন ছুড়লেন বাঁহাতি পেসার। প্রথম ওভারেই ৩ উইকেট, পরে আরও আরও ৩টি,টানা ছ’ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন স্টার্ক। তার সঙ্গে যোগ দিলেন স্কট বোল্যান্ড, তিন বলে তিন উইকেট নিয়ে করলেন হ্যাটট্রিক।অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবে তৃতীয় দিনের মধ্যেই মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
তবে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জা থেকে এক রান দূরে থেকে সম্মান বাঁচিয়েছে দলটি। ২০৪ রানের মাঝারি লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়া ম্যাচ জিতল ১৭৬ রানের বিশাল ব্যবধানে। এর মধ্য দিয়ে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল প্যাট কামিন্সের দল।বল হাতে স্টার্ক শুরুটা করেন অনবদ্যভাবে।নিজের প্রথম ১৫ বলেই তুলে নেন ৫ উইকেট।টেস্ট ইতিহাসে এত কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে ছিল না কারও।শেষ পর্যন্ত ৭.৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট তার শিকার।এটি শততম টেস্টে কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।
এই ইনিংসেই ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন স্টার্ক। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও নাথান লায়নের পর তিনিই অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়লেন।বিশেষ করে গোলাপি বলের টেস্টে স্টার্কের রেকর্ড একক রাজত্বের মতো। ২৭ ইনিংসে তার শিকার এখন ৮১ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন পাঁচবার,এই এডিশনে অন্য কারও নেই দুবারও।







