
শেষ টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরছে ৮-০ ব্যবধানের জয়ের অনন্য সাফল্য নিয়ে।সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৭৩ রানে।
জবাবে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি।তবে কার্যকর কয়েকটি ইনিংস দলকে লক্ষ্যে পৌঁছে দেয় তিন ওভার বাকি রেখেই।টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারাতে পারবেন বলে বিশ্বাস ছিল না অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের। তবে এমন অর্জনে দারুণ খুশি মার্শ। তিনি জানিয়েছেন,সিরিজ শুরুর সময় ৫-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা করেননি। তবে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। জানতেন, এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল ওয়েস্ট ইন্ডিজে একেবারে ক্লিন সুইপ করতে পারেনি। অনেক খেলোয়াড় এসেছে এবং বিভিন্ন ভূমিকা পালন করেছে। সিরিজ শুরুর আগেই দল হিসেবে নমনীয়তা ও পরিবর্তনের ব্যাপারে কথা বলেছিলেন।
অন্যদিকে,ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দায় চাপিয়েছেন ব্যাটসম্যানদের ওপর। তিনি বলেছেন, তাঁরা পুরো সিরিজে কখনোই নিখুঁত ব্যাটিং পারফরম্যান্স দিতে পারেননি। কখনো শুরুটা ভালো হয়েছে,কিন্তু শেষটা খারাপ। অথবা উল্টোটা। এত ভালো একটি দলের বিপক্ষে এমন করলে পার পাওয়া যায় না। আর বল হাতে নিজেদের কোনো সুযোগই দিতে পারেননি। কারণ রানই ছিল না বোর্ডে।
