
ভারতে বিশ্বকাপ খেলতে এসে মধ্যপ্রদেশের ইন্দোর ক্যাফেতে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার ২ অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার। বাইকে চেপে এক ব্যক্তি প্রকাশ্য রাস্তায় দিনে-দুপুরে ওই দুই মহিলা ক্রিকেটারকে হেনস্থা করেছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেই এক সপ্তাহ ধরে মধ্য প্রদেশের ইন্দোরে রয়েছে অস্ট্রেলিয়া টিম। শনিবার পুলিশের তরফেই প্রথম বিষয়টি সামনে আনা হয়েছে। জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া টিমের দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই দিন আগে, ২৩ অক্টোবর ঘটনাটি ঘটেছে। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম র্যাডিসন ব্লু হোটেলে থাকছে।
সকাল ১১টা নাগাদ সেখান থেকেই সামনের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই মহিলা ক্রিকেটার। অভিযুক্ত বাইকে চেপে তাদের পিছু নেয় এবং তাদের শরীরে হাত দেয় অভিযোগ। বিপদ বুঝে মোবাইলে তারা এসওএস মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গে টিমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসার গাড়ি পাঠান। বৃহস্পতিবার রাতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অস্ট্রেলিয়ার সিকিউরিটি ম্যানেজার।
