
উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা রক্ষা করতে এ বার উড়ন্ত পাহারাদার পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় নজরদারি চালাবে এই উড়ন্ত পাহারাদার।
শুধু তা-ই নয়, প্রতিপক্ষের কোনও ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেষ্টা করলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে সেই পাহারাদার।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলির আকাশসীমাকে নিশ্ছিদ্র করে তুলতে ফ্লাইং রেডার ,ই-সেভেন ওয়েজটেল নামে শক্তিশালী নজরদারি বিমান পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে চার সপ্তাহের জন্য মোতায়েন করা হচ্ছে এই বিমান। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, বাহরিনের মতো দেশগুলিতে লাগাতার হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এ বার ইরানকে রুখতে অস্ট্রেলিয়াও ওই দেশগুলির পাশে দাঁড়াল। প্রসঙ্গত, বার বার হামলার মুখে পড়ে সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আলবানিজ়ের আলোচনা হয়।
আর তার পরই পশ্চিম এশিয়ায় ফ্লাইং রেডার ই-সেভেন ওয়েজটেল সামরিক বিমানকে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে ২৪ হাজারের মতো অস্ট্রেলীয় থাকেন। তাঁদের দেশের নাগরিকদের পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত।
