
পাকিস্তানের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়াও। ১৫ জনের দলে নেই তিন বিশ্বকাপজয়ী ক্রিকেটার।তাঁদের বদলে দুই নতুন মুখ জায়গা পেয়েছেন।
১৪ মাস আগে ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবট। ওয়ার্নার অবসর নিয়েছেন।গ্রিন ও অ্যাবটের চোট রয়েছে। তাই তাঁদের দলে রাখা হয়নি।বদলে ম্যাট শর্ট ও আরন হার্ডিকে নেওয়া হয়েছে। আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছেন তাঁরা।এদিকে,বিগ ব্যাশে হোবার্টকে ফাইনালে তুলেছেন নেথান এলিস।এই পেসারকেও ১৫ জনের দলে রাখা হয়েছে।অধিনায়ক হিসাবে রয়েছেন প্যাট কামিন্স। তবে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।গোড়ালিতে চোট রয়েছে কামিন্সের।শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলছেন না তিনি।যদি কামিন্স শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন,তা হলে সহ-অধিনায়ক স্টিভ স্মিথ নেতৃত্ব দেবেন।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তার আগে ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।




