
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নাগরিকত্ব যাচাইয়ের যন্ত্র গায়ে ঠেকিয়ে বাংলাদেশি শনাক্ত করছে পুলিশ! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্কের জেরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কৌশাম্বী থানার কয়েক জন পুলিশ আধিকারিক একটি বস্তিতে গিয়ে এক ব্যক্তির পিঠে মোবাইল ঠেকাচ্ছেন। তার পরেই মোবাইল দেখিয়ে বলছেন, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিক বস্তিবাসীদের বলছেন, মিথ্যা কথা বলবেন না। তাদের কাছে একটা যন্ত্র আছে।
সেখানে কিন্তু মিথ্যা ধরা পড়ে যাবে। তার পরেই এক জনের পিঠে মোবাইল ঠেকিয়ে ওই পুলিশ আধিকারিক তাঁকে বাংলাদেশি বলে শনাক্ত করে দেন। পুলিশ আধিকারিকদের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা এবং এক নাবালিকা মোবাইলে থাকা পরিচয়পত্র দেখিয়ে পাল্টা দাবি করেন, তাঁরা বিহারের আরারিয়ার বাসিন্দা। কিন্তু পুলিশ আধিকারিকেরা তা মানতে চাননি।








