
নিজের নোবেল পুরস্কার কোনওভাবেই অন্য কারোর হাতে তুলে দিতে পারেন না মারিয়া করিনা মাচাদো। স্পষ্ট জানিয়ে দিয়েছে নোবেল কমিটি।
এর আগে হোয়াইট হাউসে গিয়ে নিজের নোবেল পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন মাচাদো। সেই নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তুমুল জল্পনা। এহেন পরিস্থিতিতে ২০২৫ সালের শান্তির নোবেলজয়ীকে তীব্র তিরস্কার করেছে নোবেল কমিটি।এক বিবৃতিতে নোবেল কমিটির তরফ থেকে বলা হয়েছে, নোবেল পুরস্কার প্রতীকীভাবেও অন্য কারোর হাতে তুলে দেওয়া যায় না। অ্যালফ্রেড নোবেলের ইচ্ছা এবং শর্তাবলিকে মর্যাদা দেওয়া এই কমিটির কর্তব্য। সেই শর্তে স্পষ্ট বলা হয়েছে, মানবজাতির স্বার্থে যাঁরা অসামান্য অবদান রেখেছেন, কেবল তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতাও স্পষ্টভাবে শর্তাবলিতে লেখা রয়েছে। নোবেল পুরস্কার দেওয়ার যোগ্যতা কাদের রয়েছে, সেটাও শর্তাবলির অঙ্গ।নোবেল কমিটির এই কড়া বার্তা থেকেই পরিষ্কার, মাচাদোর কাজে তারা যথেষ্ট অসন্তুষ্ট। যেভাবে নিজের পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী, সেটা একেবারেই বেআইনি বলেই মত কমিটির।
যদিও এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, পদক, ডিপ্লোমা, অথবা পুরস্কারের অর্থ যাই হোক না কেন, ইতিহাসে মূল বিজয়ীর নামই পুরস্কারের প্রাপক হিসাবে লিপিবদ্ধ থাকবে। তিনি তাঁর পদক এবং ডিপ্লোমা কী করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু দু’দিনের মধ্যেই নোবেল কমিটি বেশ কড়া অবস্থান নিয়েছে।
