
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন অয়ন শীল। শুক্রবার এক লাখ টাকা বন্ডে অয়ন শীলের জামিন মঞ্জুর করে বিচারক।
তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই থাকবেন তিনি। শুক্রবার অয়ন শীলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে সিবিআই বিশেষ আদালত জানিয়ে দিয়েছে। জামিন পেলেও তাঁকে হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার মধ্যেই থাকতে হবে। এই মামলায় নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ আগেই জামিন পেয়েছিলেন। এবার অয়ন শীলকে নিয়ে মামলায় পঞ্চম জামিন হল। তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। ২০২৩-র মার্চে তাঁকে প্রাথমিক মামলায় গ্রেফতার করেছিল ইডি।
পরে একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে। কেন্দ্রীয় এজেন্সির দাবি ৮ জন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে দেড় কোটিরও বেশি টাকা তুলেছিলেন।








