
অযোধ্যায় গণধর্ষণকাণ্ডে অভিযুক্তের বেআইনি ভাবে একটি শপিং কমপ্লেক্স বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় শপিং কমপ্লেক্সের এক তৃতীয়াংশ, যা বেআইনি ভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ। সূত্রের খবর, বেআইনি ভাবে সরকারি জমি দখল করে ওই শপিং কমপ্লেক্সের এক তৃতীয়াংশ নির্মাণ হয়েছিল। জুলাইয়ের শেষের দিকে অযোধ্যায় গণধর্ষণের অভিযোগটি প্রকাশ্যে এসেছিল। নির্যাতিতা নাবালিকা অযোধ্যা জেলার একটি বেকারিতে কাজ করত। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় বেকারির মালিক ও এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাচক্রে যিনি ওই বেকারির মালিক, তাঁর সঙ্গে আবার সমাজবাদী পার্টির যোগাযোগের তত্ত্ব উঠে আসছে। তা নিয়ে এসপি শিবিরকে বিঁধতেও শুরু করেছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন। যদিও সপা প্রধান অখিলেশ যাদব পাল্টা অভিযোগ তুলেছেন, বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।
