
বলিউড সিনেমা পতি পত্নী অউর ওহ’র সিক্যুয়েলের শুটিং চলাকালীন ঘটে গিয়েছে একাধিক বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনো সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথা-কাটাকাটি, আবার কখনো স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।
ভিডিওতে দেখা গিয়েছে, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়।একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানাহেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ ও কিছু মানুষ এগিয়ে যান। একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা, এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা, আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা।তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উল্লেখ্য ২০১৯ সালে মুক্তি পাওয়া পতি পত্নী অউর ওহ ছবির নতুন এই সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে অনভিপ্রেত এ ঘটনার ব্যাপারে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।









