
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪২ জনের। বিমান থেকে ২৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নিকটবর্তী হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
কাজাখস্তানের আকতু শহর থেকে তিন কিলোমিটার দূরে আছড়ে পড়েছে আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বিমানে মোট ৬৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬২ জন যাত্রী এবং পাঁচ জন বিমানকর্মী। অন্তত ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাজাখস্তান প্রশাসন। স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমান। কিন্তু মাঝ আকাশে পাইলট খবর পান, গ্রজনিতে ঘন কুয়াশা রয়েছে। তাই সেখানে বিমান অবতরণে সমস্যা হতে পারে। এর পর কাজাখস্তানের আকতুতে ওই বিমানের জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। কাজাখস্তান সরকার জানিয়েছে, কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমান ভেঙে পড়ার পর যে আগুন লেগেছিল, দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
কাজাখস্তানের বিমান দুর্ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি এস নিউজ।দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় নিজের কর্মসূচি বাতিল করে দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।








